১ হাজার ৮৯ ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির উদ্যোগ ঘোষণা

image 52

আন্দোলনের চাপে ১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে শর্তসাপেক্ষে এমপিওভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের মাদরাসা অনুবিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক।

তিনি বলেন, ‘আমরা আবেদন করা ১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছিলাম। প্রধান উপদেষ্টা শর্তসাপেক্ষে এগুলো এমপিওভুক্তির অনুমোদন দিয়েছেন।’

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১ হাজার ৫১৯টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা আছে, যেখানে প্রধান শিক্ষকরা মাসে পান ৫ হাজার টাকা ও সহকারী শিক্ষকরা ৩ হাজার টাকা। এছাড়াও সরকারিভাবে কোনো অনুদান না পাওয়া ৫ হাজার ৯৩২টি ইবতেদায়ি মাদরাসা রয়েছে।

এর আগে গত ২৫ জুন শিক্ষা মন্ত্রণালয় ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির নীতিমালা প্রকাশ করে। এতে মোট ছয়টি পদ এমপিওভুক্ত করার কথা উল্লেখ করা হয়। প্রধান শিক্ষক বেতন পাবেন ১০ম গ্রেডে, সাধারণ, বিজ্ঞান ও আরবি বিষয়ের সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে এবং ক্বারী/নুরানি শিক্ষকরা ১৬তম গ্রেডে। এছাড়া প্রতিটি মাদরাসায় ২০তম গ্রেডের একটি অফিস সহায়ক পদ থাকবে।

নীতিমালায় বলা হয়, শিক্ষক নিয়োগ হবে এনটিআরসিএর সুপারিশের ভিত্তিতে। ম্যানেজিং কমিটির মাধ্যমে প্রধান শিক্ষক ও অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে। মাদরাসাগুলোর এমপিও যোগ্যতা নির্ধারণে গ্রেডিং পদ্ধতি প্রবর্তন করা হয়েছে—যেখানে একাডেমিক স্বীকৃতি, অবকাঠামো, শিক্ষক-শিক্ষার্থী সংখ্যা, পরীক্ষার ফলাফল ও সার্বিক পরিবেশ বিবেচনায় নেওয়া হবে।

এদিকে, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্য জোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টার অনুমোদনের খবরে তারা আজকের বিক্ষোভ মিছিল স্থগিত করেছেন। তবে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।