মধ্যরাতে বিএনপির চার নেতাকে বহিষ্কার

image 54

দলীয় মনোনয়নকে ঘিরে সহিংসতা, হানাহানি ও সড়ক অবরোধসহ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি চার নেতাকে দল থেকে বহিষ্কার করেছে।

সোমবার (৩ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন— সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন এবং সোনাইছড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনয়নকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যার পর সীতাকুণ্ডের কদমরসুল, ভাটিয়ারী বাজার এবং জলিল গেট এলাকায় সহিংসতা ও সড়ক অবরোধে অংশ নেন তারা। এসব কর্মকাণ্ডের কারণে চার নেতাকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে শুরু করে সব স্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তারা আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।