ট্রেনের ছাদ থেকে পড়ে মেহেদী হাসান (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

image 25

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে মেহেদী হাসান (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মৃত্যু হওয়া মেহেদী হাসান ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার গৌরিপুর এলাকার সুরুজ আলীর ছেলে।

রোববার (২ নভেম্বর) সকালেও ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ফেনীর মুহুরীগঞ্জ এলাকা থেকে তার লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ এবং ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফেনীতে রেলওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) দীপক দেওয়ান জানিয়েছেন, সকাল ১০টার দিকে স্থানীয়রা ফোনে খবর দেন, রেললাইনের পাশে একজনের মরদেহ পড়ে আছে। খবর পেয়ে রেল পুলিশ ফেনী থেকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয়।

নিহতের পরিবার ও বন্ধুদের বরাতে জানা যায়, মেহেদী হাসান ও কয়েকজন বন্ধু ঢাকা থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বেড়াতে যাচ্ছিলেন। তারা শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মেইল ট্রেনের ছাদে বসেছিলেন। রোববার সকাল ৮টার দিকে ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকায় পৌঁছালে মেহেদী ট্রেনের ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

উপ-পরিদর্শক দীপক দেওয়ান জানিয়েছেন, এ ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।