
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার, এলাকায় আনন্দে মিষ্টি বিতরণ
কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা শৈলেন চন্দ্র দাসকে গ্রেফতারের পর স্থানীয়রা মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেছেন।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে ধনপুর বাজারে তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী আনন্দে মেতে ওঠে। অনেকে বাজারে মিষ্টি বিলিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
শৈলেন চন্দ্র দাস ধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। শনিবার (২৫ অক্টোবর) রাতে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবালের নেতৃত্বে পুলিশ ধনপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে।
স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান খোকন বলেন, “শৈলেনের অত্যাচারে আমরা অতিষ্ঠ ছিলাম। তার গ্রেফতারের খবরটা আমাদের জন্য যেন মুক্তির বার্তা। তাই সবাই মিলে মিষ্টি বিতরণ করেছি।”
আরেক বাসিন্দা মো. নান্নু বলেন, “দলীয় ক্ষমতা ব্যবহার করে সে জলমহাল থেকে জমি—সব জায়গায় দখলদারিত্ব করত। মানুষকে ভয় দেখানো, মারধর করা ছিল তার অভ্যাস।”
ইটনা থানার ওসি মো. জাফর ইকবাল জানান, শৈলেন চন্দ্র দাসের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়ভাবে প্রভাবশালী এই নেতার গ্রেফতারকে ঘিরে এলাকায় আনন্দ ও আলোচনা দুটিই চলছে।