
ছোট সন্তান আছে এমন পরিবারকেই টার্গেট করত তারা। সাবলেট ভাড়া নিয়ে সেই বাসায় উঠত, এরপর ধীরে ধীরে শিশুদের সঙ্গে গড়ে তুলত সখ্যতা। সুযোগ পেলেই অভিভাবকের চোখ ফাঁকি দিয়ে শিশুকে অপহরণ করে নিয়ে যেত। পরে আবাসিক হোটেলে আটকে রেখে পরিবারের কাছে চাইত মুক্তিপণ, না দিলে দিত নির্যাতন ও হত্যার হুমকি।
সম্প্রতি রাজধানীর কামরাঙ্গীরচরে এমনই এক ঘটনায় ফয়সাল ও কাকলী নামের এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, ১৯ অক্টোবর কামরাঙ্গীরচরের আলীনগরের একটি বাসায় খেলছিল চার বছরের শিশু আব্দুল হাদি নূর। পাশে ঘুমিয়ে ছিলেন তার মা। ঘুম ভাঙার পর তিনি দেখেন, সন্তান আর পাশে নেই। একই সঙ্গে পাশের সাবলেটে থাকা দম্পতিও নিখোঁজ।
পরিবার থেকে দম্পতির ফোনে যোগাযোগ করা হলে তারা জানায়, শিশুটি তাদের কাছেই আছে। কিছুক্ষণ পর ফোন বন্ধ করে দেয় তারা। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, দম্পতিটি শিশুটিকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে।
পরিবার শিশুটিকে সর্বত্র খুঁজেও না পেয়ে হতাশ হয়ে পড়ে। কিছু সময় পর নূরের মায়ের ইমো নম্বরে একটি বার্তা আসে— শিশুটিকে অপহরণ করা হয়েছে, তাকে ফিরে পেতে দিতে হবে এক লাখ টাকা মুক্তিপণ।
নূরের মা জানান, অপহরণকারীরা শুধু ইমোতে বার্তা দিচ্ছিল, কিন্তু ফোন ধরছিল না। তারা হুমকি দেয়— টাকা না দিলে শিশুটিকে বুড়িগঙ্গায় ফেলে দেবে।
বাধ্য হয়ে পরিবার প্রথমে ৫ হাজার টাকা পাঠায়, কিন্তু এরপরও মুক্তি মেলে না। পরে তারা পুলিশের সহায়তা নেয়।
তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের টিম দুই দিন পর অপহৃত শিশুর অবস্থান শনাক্ত করে মিরপুরে। এরপর ক্লাসিক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অপহরণকারী দম্পতিকে গ্রেপ্তার করা হয় এবং শিশুটিকে উদ্ধার করা হয় তাদের হেফাজত থেকে।