
রাজধানীর মতিঝিলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের চেষ্টা বাধাগ্রস্ত হয়েছে। স্থানীয়দের ধাওয়ায় পালিয়ে যেতে গিয়ে কয়েকজন নেতাকর্মী গণপিটুনির শিকার হয়েছেন।
বুধবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়েছে।
২৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ১৫-২০ জন আওয়ামী লীগ নেতাকর্মী ব্যানার হাতে সড়কে মিছিলের চেষ্টা করছেন। ঠিক তখনই স্থানীয়রা পেছন থেকে ‘ধর ধর’ বলে ধাওয়া দেন।
পরে মিছিলকারীদের মধ্যে কয়েকজনকে স্থানীয়রা ধরে মারধর করতে দেখা যায়। ঘটনার পরপরই তারা দ্রুত স্থান ত্যাগ করেন।