জানুয়ারিতে জাতীয় নির্বাচন চায় গণ অধিকার পরিষদ

image 465

দেশের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করে আগামী জানুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চায় গণ অধিকার পরিষদ। সোমবার (২০ অক্টোবর) বেলা ১১:৩০টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা নির্বাচন দ্রুত আয়োজনের আহ্বান জানায়।

সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, জাতীয় জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ায় দ্রুত সময়ে তা বাস্তবায়ন করে আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে। তিনি আরও সতর্ক করে বলেন, সাম্প্রতিক সময়ে অগ্নিসংযোগের ঘটনায় নির্বাচন বানচালের চেষ্টা চলছে, যা এক ধরনের নতুন ১/১১ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাই নির্বাচন যত দ্রুত হবে, ষড়যন্ত্রের সুযোগ তত কমে যাবে।

রাশেদ খান বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের সঙ্গে জড়িত গোয়েন্দা সংস্থা, জেলা প্রশাসক, পুলিশ ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দায় স্বীকার করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তিনি দাবি করেন, বর্তমান প্রশাসন পরিবর্তন ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। একই সঙ্গে নির্বাচন কমিশনকে পরিষ্কার করতে হবে যাতে আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনো ব্যক্তি ‘ডামি’ বা অন্য দলের হয়ে অংশগ্রহণ করতে না পারে। জাতীয় পার্টি ও ১৪ দলও নির্বাচনে অংশ নিতে পারবে না এবং তাদের সাংগঠনিক কার্যক্রমও সীমিত করা উচিত।

এছাড়া, রাশেদ খান এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনকে যৌক্তিক হিসেবে মূল্যায়ন করেন এবং দাবি পূরণ না হলে শিক্ষকদের সঙ্গে যমুনা ও সচিবালয় ঘেরাও কর্মসূচি নেয়ার হুঁশিয়ারি দেন।

লিখিত বক্তব্যে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র হাসান আল মামুন বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় গণ অধিকার পরিষদ গভীর উদ্বিগ্ন। বিশেষ করে বিমানবন্দর ও স্থলবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান তিনি। গণ অধিকার পরিষদ মনে করে, দেশকে অস্থিতিশীল করার জন্য এসব ঘটনা ঘটানো হতে পারে এবং সরকারকে সঠিক তদন্তের নির্দেশ দেওয়া উচিত।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক জিলু খান, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম আজহার ও ছাত্র বিষয়ক সম্পাদক রিদওয়ান উল্লাহ খান।