২৪-এর জুলাই আন্দোলনে শহীদরাও মুক্তিযোদ্ধা : রিজভী

image 466

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “শহীদ” শব্দটি কেবল প্রাণ বিসর্জনের প্রতীক নয়; এটি একটি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার অঙ্গীকারের প্রতিফলন। যেভাবে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছিলেন, ঠিক সেভাবেই ২৪-এর জুলাই আন্দোলনের শহীদরাও মুক্তিযোদ্ধা।

সোমবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১১টায় কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুরে জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “রাজধানী থেকে অনেক দূরে এক গ্রামীণ ধানের জমির পাশে চিরনিদ্রায় শুয়ে আছেন তায়িম। তাঁর আত্মত্যাগ যেন কেউ ভুলে না যায়। তিনি কোনো ব্যক্তিগত স্বার্থে বা বিবাদে নয়, বরং জাতির মুক্তির অঙ্গীকারে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। শহীদদের এ আত্মদান জাতির ইতিহাসে গভীর তাৎপর্য বহন করে।”

তিনি আরও বলেন, “তায়িমের মা আজও সন্তানহারা শোক বুকে ধারণ করে বেঁচে আছেন। তবু এই মা দেশের গণতন্ত্রের জন্য গর্বিত, কারণ তাঁর সন্তান দেশের স্বাধীনতার নতুন অভিযাত্রার যোদ্ধা হিসেবে শহীদ হয়েছেন। তায়িমদের মতো তরুণরাই আজও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক।”

পরে রিজভী এতবারপুর ভূঁইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত শেষে শহীদ তায়িমের পরিবারের সঙ্গে দেখা করেন। ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে তিনি শোকাহত পরিবারকে আর্থিক সহায়তা ও সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদ, পৌর বিএনপি সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি, যুবদল নেতা এডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি প্রমুখ।

পরে রিজভী কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দৃষ্টিহীন শিল্পী জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ করতে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত জাহাঙ্গীরের গান লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে তিনি ‘আমরা বিএনপি পরিবার’-কে ওই শিল্পীর সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন।