
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আহতদের মধ্যে আছেন আতিকুল গাজী (২০), সাইফুল ইসলাম (২৬), লাইলী আক্তার (২৫), কামরুল হাসান (২৯), শরিফুল ইসলাম (২৯), সিনথিয়া (২১), আশরাফুল (২০), হাবিবউল্লাহ (৩০), শফিউল্লাহ (৩২), শাকিব (২৫), মো. লিটন (৩২), তানভীর (২২), দুলাল (৩০), কামাল (৩২), ওমর ফারুক (২৭), নুরুল হুদা (২৫), আখের উদ্দিন (২৮), মিজান (২৮), মোস্তাক বিপ্লব (২৭) ও আল আমিন (৩৪)।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রাথমিকভাবে কারও অবস্থা গুরুতর নয় বলে ধারণা করা হচ্ছে।
আহতদের একজন, জুলাই আন্দোলনে আহত ও এক হাত হারানো আতিকুল গাজী বলেন, “আমরা জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধারা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আন্দোলন করছি। আজ সরকার আমাদের কথা না শুনে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করলে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদে দাঁড়াই। কিন্তু পুলিশ হঠাৎ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে।”
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ছোড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, দোকানপাট সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং আশপাশের জনসমাগম ছত্রভঙ্গ হয়ে পড়ে।