ঢাবি ছাত্রীকে কক্ষে আটকে নির্যাতন, হোস্টেল পরিচালক গ্রেপ্তার

image 158

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং কক্ষে আটকে রাখার অভিযোগে রাজধানীর স্বপ্ননিবাস হোস্টেলের পরিচালক রাজিয়া বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে তেজগাঁও কলেজের পাশে অবস্থিত স্বপ্ননিবাস হোস্টেলে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, ওই ছাত্রী এক অতিথির সঙ্গে দেখা করতে এলে হোস্টেল পরিচালক রাজিয়া বেগম অতিরিক্ত এক হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ছাত্রীর ওপর শারীরিক হামলা চালান এবং কক্ষে আটকে রাখেন। পরে নির্যাতনে অচেতন হয়ে পড়েন ছাত্রীটি। এমনকি তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টায়ও বাধা দেন রাজিয়া বেগম।

ঘটনার খবর জানার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী—জিয়াউর রহমান হলের ভিপি, সূর্যসেন হলের ভিপি এবং হাজী মুহাম্মদ মুহসিন হলের সমাজসেবা সম্পাদক—শেরেবাংলা থানার ওসিকে বিষয়টি অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজিয়া বেগমকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা থানার ডিউটি অফিসার জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং অভিযুক্ত পরিচালককে থানায় নিয়ে আসি। ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করেছেন, তাকে মারধর ও হেনস্তা করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তে যারাই জড়িত প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”