স্বাস্থ্যের উন্নতি হলে নির্বাচনে ভূমিকা রাখবেন খালেদা জিয়া: তারেক রহমান

image 159

প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাৎকারটি নিয়েছে বিবিসি বাংলা।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন্ন নির্বাচনি প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখবেন কি না—এ প্রশ্নে তারেক রহমান বলেন, “তিনি সুস্থ অবস্থায় জেলে গিয়েছিলেন, কিন্তু অসুস্থ হয়ে ফিরেছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। তবে যদি তার শারীরিক অবস্থা উন্নত হয় এবং স্বাস্থ্য অনুমতি দেয়, তাহলে নিশ্চয়ই তিনি নির্বাচনে কোনো না কোনোভাবে ভূমিকা রাখবেন।”

ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদন অনুযায়ী, সাক্ষাৎকারে তারেক রহমান নিজের দেশে ফেরার প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, “কিছু বাস্তব কারণে দেশে ফেরা এখনো সম্ভব হয়নি। তবে সময় এসে গেছে বলে মনে হচ্ছে। ইনশাআল্লাহ, শিগগিরই দেশে ফিরে আসব।”

আগামী জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, “আমি সর্বোচ্চ চেষ্টা করব সেই প্রত্যাশিত নির্বাচন আয়োজনের জন্য, যা জনগণ চায়। যখন সেই নির্বাচন অনুষ্ঠিত হবে, আমি জনগণের সঙ্গেই থাকব, ইনশাআল্লাহ।”

২০২৬ সালের নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের একটি হিসেবে দেখা হচ্ছে। এই নির্বাচন আয়োজন করছে অন্তর্বর্তীকালীন সরকার।

গত বছর গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে এবং তিনি ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। সেই সময়ের সহিংসতা ও দমন-পীড়নে প্রায় ১,৪০০ জন নিহত হয়।

শেখ হাসিনার প্রস্থানের পর দেশে সৃষ্ট ক্ষমতার শূন্যতা পূরণের দায়িত্ব দেওয়া হয় তার সমালোচক ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে। পরবর্তীতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং শেখ হাসিনার বিরুদ্ধে অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া শুরু হয়।