
যুক্তরাষ্ট্রে সড়কে মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত, ৩ জন গুরুতর আহত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যাক্রামেন্টো শহরে হাইওয়ে ৫০-এর অন্তর্গত ৫৯ নম্বর সড়কের ওপর একটি মেডিকেল হেলিকপ্টার আছড়ে পড়েছে। দুর্ঘটনায় হেলিকপ্টারের চালকসহ ৩ জন ক্রু গুরুতর আহত হয়েছেন। হেলিকপ্টারে কোনো রোগী ছিলেন না।
স্থানীয় ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন জাস্টিন সিলভিয়া জানান, দুর্ঘটনার সময় কপ্টারে ছিলেন চালক, একজন ফ্লাইট নার্স এবং একজন প্যারামেডিক। হেলিকপ্টার ধসে সড়কে চলাচলরত অন্য কোনো যানবাহন ক্ষতিগ্রস্ত হয়নি এবং কেউ আহত হননি।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পথচারীদেরও সহযোগিতায় দু’জনকে হেলিকপ্টার থেকে বের করা হয় এবং তৃতীয় জনকে পরে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান প্রশাসন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে এ ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে। মেডিকেল পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান রিচ জানিয়েছে, তারা তদন্তে পূর্ণ সহযোগিতা করবে।