
বাংলাদেশ কিনল চীনের ২০টি জে-১০সিই যুদ্ধবিমান
বাংলাদেশ বিমান বাহিনী তার আধুনিকায়ন ও আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার লক্ষ্যে চীনের তৈরি ২০টি জে-১০সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে।
২০২৭ সালের মধ্যে বিমানগুলো কেনা, প্রশিক্ষণ ও অন্যান্য সংযুক্ত খরচসহ মোট ব্যয় হবে ২২০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার ৬০ কোটি টাকা। চুক্তি ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরে বাস্তবায়িত হবে এবং ২০৩৫-৩৬ অর্থবছর পর্যন্ত ১০ বছরের মধ্যে খরচ পরিশোধ করা হবে। বিমানগুলো সরাসরি ক্রয় বা জিটুজি (সরকার থেকে সরকার) চুক্তির মাধ্যমে কেনা হতে পারে।
জে-১০ সিই মূলত চীনের জে-১০সি-এর রপ্তানি সংস্করণ। সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘাতে পাকিস্তান এই যুদ্ধবিমান ব্যবহার করেছে।
প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, ২০টি বিমান কেনার প্রাথমিক খরচ ১২০ কোটি ডলার (প্রতি বিমান ৬ কোটি ডলার)। স্থানীয় ও বিদেশি প্রশিক্ষণ, যন্ত্রপাতি, পরিবহন খরচ, বীমা, ভ্যাট ও অন্যান্য খরচ মিলিয়ে মোট ব্যয় দাঁড়াবে ২২০ কোটি ডলার।