ভারতে বিজেপি সাংসদ আক্রান্ত, রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি

image 113

ভারতের উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ বিতরণের সময় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে দুর্বৃত্তদের হামলার শিকার হতে হয়।

ঘটনায় রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে খগেন মুর্মুকে। সোমবার (৫ অক্টোবর) বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় দুই নেতাকে লক্ষ্য করে গাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা ইট-পাটকেল ছুঁড়ে গাড়ির কাচ ভেঙে দেয়। এতে খগেন মুর্মুর মাথায় গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়; তার সাদা স্কার্ফও রক্তে ভেসে যায়।

শঙ্কর ঘোষ জানান, কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি। তারা অভিযোগ করেছেন, হামলার পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে। এই অপ্রত্যাশিত হামলা আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বিজেপির মধ্যে শত্রুতা আরও বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।