
বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেছেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর একত্রিত হওয়াকে তিনি ‘ষড়যন্ত্র’ হিসেবে দেখছেন। একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
নিলোফার মনি বলেন, “যারা দীর্ঘদিন বিএনপির সঙ্গে আন্দোলন করেছে, তারা এখন হঠাৎ ভিন্ন পথে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখছে। কিন্তু তাদের সেই স্বপ্ন বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মিলছে না।”
তিনি আরও বলেন, “ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শগত বিভেদ অনেক গভীর। কেউ মাজারকে শ্রদ্ধা করে, আবার কেউ সেটি ধ্বংসের পক্ষপাতী। এই পরস্পরবিরোধী দলগুলো হঠাৎ এক হয়ে গেছে—এখানে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র কাজ করছে।”
নিলোফার মনি বলেন, “যেখানে একজন আরেকজনের ছায়া সহ্য করতে পারে না, সেখানে এই হঠাৎ এক হওয়াটা স্বাভাবিক নয়। যদি এটি সত্যিই রাষ্ট্রের কল্যাণের জন্য হতো, তাহলে আমি আপত্তি জানাতাম না।”
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, “দেশ অনেকদিন ধরেই এক অসুস্থ রাজনৈতিক অবস্থায় ছিল। এখন যখন রাষ্ট্র নির্বাচনের পথে ফিরছে, তখন কিছু ব্যক্তি ও দল নিজেদের স্বার্থে নতুনভাবে এক হওয়ার চেষ্টা করছে—যা উদ্বেগের কারণ।”