নিজ বাড়িতে মুখমণ্ডল থেঁতলে বৃদ্ধাকে হত্যা

image 108

নাটোরের বড়াইগ্রামে নিজ বাড়িতে মুখমণ্ডল থেঁতলে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মমতাজ বেগম (৬৯)। তিনি বনপাড়া পৌর শহরের সরদারপাড়া মহল্লার মৃত শফিউল্লাহ ইঞ্জিনিয়ারের স্ত্রী।

ঘটনাটি ঘটেছে রোববার (৫ অক্টোবর) রাতে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর মমতাজ বেগম একাই বসবাস করতেন। তার দেখাশোনার জন্য সুফিয়া বেগম (৪০) ও কাজী আবু শামা (৬১) নামে দুইজন গৃহকর্মী নিযুক্ত ছিলেন।

রোববার সন্ধ্যায় প্রতিদিনের মতো কাজ শেষ করে সুফিয়া বাড়ি ফেরেন। পরে রাতের নামাজ শেষে অপর গৃহকর্মী আবু শামা বাড়িতে এসে দেখতে পান, মমতাজ বেগম রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। তার মুখমণ্ডল থেঁতলানো এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

আবু শামার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মমতাজ বেগমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। এখনো কাউকে আটক করা যায়নি, তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।