
ভারতের রাজস্থানের জয়পুরে স্বায়ত্তশাসিত সাওয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের ট্রমা সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ রোগীর মৃত্যু হয়েছে।
রোববার (৫ অক্টোবর) গভীর রাতে হাসপাতালের নিউরো আইসিইউ ইউনিটে এই দুর্ঘটনা ঘটে। ট্রমা সেন্টারের ইনচার্জ ডা. অনুরাগ ধাকড় জানিয়েছেন, আগুনের সময় আইসিইউতে ১১ জন রোগী ভর্তি ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্টোরেজ এলাকায় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত ছড়িয়ে পড়া ধোঁয়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
আগুন লাগার সঙ্গে সঙ্গে রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ও হাহাকার সৃষ্টি হয়। আইসিইউর নথি, চিকিৎসা সরঞ্জাম, ব্লাড স্যাম্পলসহ অন্যান্য সামগ্রী পুড়ে যায়। হাসপাতালের কর্মী ও স্বজনরা প্রাণপণ চেষ্টা করে রোগীদের বাইরে বের করেন; কেউ কেউ বিছানাসহ রোগীকে সরিয়ে নেন। ওয়ার্ড বয় বিকাশ সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “আমি অপারেশন থিয়েটারে কাজ করছিলাম। হঠাৎ আগুন লাগার খবর পাই। ছুটে গিয়ে কয়েকজন রোগীকে বাঁচাতে সক্ষম হই। কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় পরে আর ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি।”
পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও ঘন ধোঁয়ার কারণে ভেতরে প্রবেশ করতে পারেনি। শেষ পর্যন্ত ফায়ার ব্রিগেড জানালা ভেঙে প্রবেশ করে।
অগ্নিকাণ্ডের সময় রোগীর স্বজনরা অভিযোগ করেন, আগেই স্টাফদের সতর্ক করা হলেও তা গুরুত্ব পায়নি। এক স্বজন বলেন, “আমরা ধোঁয়া দেখে জানিয়েছিলাম, কিন্তু পাত্তা দেওয়া হয়নি। আগুন লাগতেই তারা প্রথমে পালিয়ে যায়। এখন কেউ আমাদের রোগীর খবর দিচ্ছে না।”
দুর্ঘটনার খবর পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সংসদীয় কার্যক্রমমন্ত্রী যোগারাম পাটেল এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জওহর সিং বেদাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। রোগীর স্বজনরা তাদের প্রতি প্রবল ক্ষোভ প্রকাশ করেন। পরে মুখ্যমন্ত্রী চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেন।