
লক্ষ্মীপুরে নিখোঁজের একদিন পর ইউছুফ হোসেন (৪৫) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দালাল বাজার–পালেরহাট সড়কের কোরালিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় এক যুবক টেটা দিয়ে মাছ শিকার করতে গিয়ে বাঁশগাছের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
নিহত ইউছুফ সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গৌপীনাথপুর গ্রামের হাবিব উল্যাহ হাজী বাড়ির আবুল কাশেমের ছেলে।
স্থানীয় কাইয়ুম হোসেন বলেন, “আমি খালে টেটা দিয়ে মাছ ধরতে গিয়ে ইউছুফ কাকার মরদেহ দেখতে পাই। এরপর সবাইকে খবর দিই।”
নিহতের ছেলে মো. শাকিল জানান, “বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাবার সঙ্গে শেষবার কথা হয়। তারপর তিনি আর বাড়ি ফেরেননি। পরে শুনি খালে তাঁর মরদেহ পাওয়া গেছে। পা গামছা দিয়ে বাঁধা ছিল। এটি পরিকল্পিত হত্যা। পারিবারিক জমি নিয়ে চাচাদের সঙ্গে বাবার বিরোধ ছিল।”
সদর উপজেলা জামায়াতের আমীর ও নিহতের ভগ্নিপতি হুমায়ুন কবীর বলেন, “ইউছুফের ভাইদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জেরেই তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”