ইসলাম প্রতিষ্ঠায় নারী সমাজের ভূমিকা চাই: চরমোনাই পীর

image 47

ইসলাম প্রতিষ্ঠায় নারী সমাজকে এগিয়ে আসতে হবে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ৫ আগস্টের ঘটনার পর দেশে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার সুযোগ তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে সক্রিয়ভাবে ভূমিকা রাখতে হবে।

শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা ইউনিট আয়োজিত “কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে নারী সমাজের ভূমিকা” শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

চরমোনাই পীর বলেন, স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছে তারা দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, কানাডাসহ বিভিন্ন দেশে ‘বেগমপাড়া’ গড়ে তুলেছে এবং গুম-খুনের সংস্কৃতি চালু করেছে। ফলে দেশ লজ্জাজনক অবস্থায় পড়েছিল। জনতার ক্ষোভে ফ্যাসিবাদের পতন হয়েছে। এসব অনাচারের মূল কারণ হলো—আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি আইন চালু রাখা।

তিনি আরও বলেন, “এখন সময় এসেছে নারীদের মহান দায়িত্বে অংশীদার করার। ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠার সংগ্রামে নারী সমাজকে অগ্রণী ভূমিকা নিতে হবে।”

সেমিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ইউনিট, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে সহস্রাধিক নারী নেত্রী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক উপকমিটির আহ্বায়ক মাওলানা এবিএম জাকারিয়া এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মুফতি মোস্তফা কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী
  • মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ
  • সিনিয়র যুগ্ম-মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান
  • যুগ্ম-মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম
  • অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ
  • কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম
  • কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম
  • কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম
  • কেন্দ্রীয় সদস্য মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন
  • কেন্দ্রীয় মহিলা উপকমিটির সদস্য আলহাজ শেখ মো. আবু তাহের