
চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগামী বাসের ধাক্কায় মো. কবির (২০) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কবির কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি একটি অ্যাগ্রো গ্রুপে অস্থায়ী নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী রিয়াজ উদ্দিন জানান, মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলেন কবির। এ সময় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।