ইসরাইলের হামলায় সুমুদ ফ্লোটিলার আট জাহাজ জব্দ, আটক গ্রেটা থুনবার্গসহ বহু কর্মী

image 10

গাজামুখী ত্রাণবাহী আন্তর্জাতিক নৌবহর ‘সুমুদ ফ্লোটিলা’র অন্তত আটটি জাহাজ জব্দ করেছে ইসরাইল। আটক করা হয়েছে পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ জাহাজগুলোয় থাকা বহু মানবাধিকার কর্মীকে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। আটককৃত জাহাজগুলো হলো— দেইর ইয়াসিন, হুগা, স্পেকটার, আদারা, আলমা, সাইরিয়াস, অরা এবং গ্রান্ডে ব্লু। তবে ইসরাইলের বাধা উপেক্ষা করে বহরের আরও দুটি জাহাজ এখনো গাজার দিকে অগ্রসর হচ্ছে।

বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে বহরের মেটেক এবং অল নামের দুটি নৌযান গাজা উপত্যকা থেকে প্রায় ১১১ কিলোমিটার দূরে অবস্থান করছিল। তবে এরপর তাদের অবস্থান আর জানা যায়নি।

এর আগে বহরে থাকা বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম জানিয়েছিলেন, ইসরাইলি বাহিনীর হামলার শিকার হয়েছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র জাহাজ আলমা। বহরের কয়েকটি জাহাজকে ইসরাইলি নৌবাহিনী ঘিরে ফেলেছে বলেও জানান তিনি।

অপরদিকে, আয়োজকরা জানান, ইসরাইলি বাধার কারণে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় জাহাজগুলোর লাইভ সম্প্রচার। বর্তমানে গাজার উপকূলেই অবস্থান করছে এই ত্রাণবাহী বহর। এর আগে সুমুদ ফ্লোটিলা আয়োজকরা জরুরি অবস্থা ঘোষণা করেন।

উল্লেখ্য, শহিদুল আলমসহ ৪৪ দেশের মানবাধিকার কর্মীরা এ বহরে অংশ নিয়েছেন। মোট ৪৭টি নৌযানে তারা গাজার উদ্দেশে যাত্রা করেছিলেন।