বংশালে জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

image 149

রাজধানীর বংশাল নাজিরাবাজার এলাকায় রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে আমিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় একটি বেকারির কর্মচারী ছিলেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে নাজিরাবাজার চৌরাস্তা কাজী আলাউদ্দিন রোডের জামাই গলিতে এ দুর্ঘটনা ঘটে। পথচারীরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল পৌনে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী পথচারী জিসান জানান, সকালে বাইসাইকেল নিয়ে রাস্তায় যাচ্ছিলেন আমিন। হঠাৎ বাইসাইকেলসহ জমে থাকা পানিতে পড়ে গেলে তিনি বিদ্যুতায়িত হন। পরে বাঁশ দিয়ে টেনে তাকে দূরে সরিয়ে এনে পানি থেকে তুলে হাসপাতালে নেওয়া হয়। তবে ততক্ষণে তিনি মারা যান।

জিসান আরও বলেন, দুর্ঘটনাস্থলের পাশে বিদ্যুতের একটি খুঁটি রয়েছে। বৃষ্টিতে রাস্তায় পানি জমে যাওয়ায় ধারণা করা হচ্ছে সেই খুঁটি থেকেই পানিতে বিদ্যুৎ প্রবাহিত হয়েছিল।

মৃত আমিনের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামে। তার বাবার নাম মো. বাদশা মিয়া। বর্তমানে তিনি রাজধানীর হাজারীবাগ বিজিবি এক নম্বর গেট এলাকায় পরিবারসহ বসবাস করতেন।