
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে টানা পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টির আভাস রয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, এ সময়ে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে অনেক জায়গায় মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
আবহাওয়ার ধারা অনুযায়ী:
- রোববার (২১ সেপ্টেম্বর): ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টি; রাজশাহী, রংপুর ও ময়মনসিংহের কিছু এলাকায়ও বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
- সোমবার (২২ সেপ্টেম্বর): ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। দিন-রাতের তাপমাত্রা সামান্য কমবে।
- মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর): চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। পাশাপাশি দেশের অন্যান্য স্থানে বৃষ্টি অব্যাহত থাকবে।
- বুধবার (২৪ সেপ্টেম্বর): সব বিভাগেই ছড়িয়ে-ছিটিয়ে বৃষ্টি বা ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এছাড়া বর্ধিত পাঁচদিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।