কুমিল্লায় চুরির অভিযোগে যুবককে কুকুর লেলিয়ে নির্যাতন, গ্রেপ্তার ৩

web 2 3

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকায় সাকুরা স্টিল মিলে চুরির অভিযোগে এক যুবককে কুকুর লেলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নির্যাতিত যুবকের নাম শ্রী জয় (৩২)। তিনি চান্দিনা উপজেলার মাইসখার গ্রামের শ্রী বিষ্ণুর ছেলে।

ভিডিওতে দেখা যায়, দুটি কুকুর ওই যুবককে কামড়াচ্ছে এবং কয়েকজন ব্যক্তি লাঠি হাতে তাকে মারধর করছে। এ সময় অসহায় জয় কুকুরের কামড় ও লাঠির আঘাতে চিৎকার করতে থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মিলটিতে প্রায়ই চুরির ঘটনা ঘটছিল। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় নিরাপত্তা কর্মী ও শ্রমিকরা তাকে ধরার জন্য অপেক্ষায় ছিলেন। নামাজ শুরু হলে জয় মিলের ভেতরে প্রবেশ করলে তাকে কুকুর লেলিয়ে ধরা হয় এবং পরে মারধর করা হয়।

ঘটনার পর রাতে র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে শান্ত ইসলাম, মোহাম্মদ লিপু ও মো. সজিব নামে তিনজনকে আটক করে।

র‍্যাব-১১ সিপিসি-২ এর মেজর সাদমান ইবনে আলম গণমাধ্যমকে জানান, ঘটনাটির তদন্ত চলছে। এ বিষয়ে শনিবার সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।