
রাজধানীর যাত্রাবাড়ীতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশে একটি বহুতল ভবনের সপ্তম তলায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০) এবং তাদের দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)। তুহিন রাজধানীর মতলব প্লাজার একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়।
ইবার বোন ফারজানা আক্তার জানান, রাতে ঘুমানোর সময় হঠাৎ এসি বিস্ফোরণ হলে মুহূর্তেই ঘরে আগুন ধরে যায়। এতে চারজনই দগ্ধ হন। পরে আশপাশের ভাড়াটিয়ারা আগুন নেভাতে সাহায্য করে এবং রাতেই তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, তুহিনের শরীরের প্রায় ৪০ শতাংশ, ইবার ৮ শতাংশ, তাওহীদের ১৫ শতাংশ এবং তানভীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।