রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

image 123

ঢাকার কদমতলীর মুন্সিবাগ এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আজিম (৩০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভবনের নিচতলায় ড্রিল মেশিনে কাজ করার সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী শফিকুল ইসলাম জানান, হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর আজিমকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও আর বাঁচানো যায়নি।

মৃত আজিম বরিশালের হিজলা থানার ধূপখোলা গ্রামের মো. ফারুকের ছেলে। তিনি বর্তমানে ডেমরা এলাকায় বসবাস করতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।