আমীরে জামায়াতের সঙ্গে শিল্প মালিক প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

image 65

১৪ সেপ্টেম্বর (রবিবার) রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশের শীর্ষ শিল্প মালিক প্রতিনিধিদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে উপস্থিত ছিলেন—তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব তপন চৌধুরী, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএ পরিচালক সাইফুল্লাহ মানছুর, বিজিএমইএ ওয়ান স্টপ সার্ভিস সেলের চেয়ারম্যান মোজাম্মেল হক ভুঁইয়া এবং জনসংযোগ ও প্রচার কমিটির চেয়ারম্যান মাসুদ কবির।

এ ছাড়া জামায়াতের শিল্প-বাণিজ্য শাখার সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ডাঃ আনোয়ারুল আজিম ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ খালিদুজ্জামানও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বাংলাদেশের শিল্প ও বাণিজ্যের সম্ভাবনা, নতুন বিনিয়োগের পরিবেশ, সমসাময়িক চ্যালেঞ্জ এবং বিশেষ করে আসন্ন শ্রম আইন ২০২৫ নিয়ে বিস্তৃত আলোচনা হয়। শিল্প মালিকরা দেশের শিল্প কারখানায় স্থিতিশীলতা বজায় রাখা এবং সার্বিক সহযোগিতার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।

জবাবে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান দেশের শিল্প রক্ষা, অর্থনীতি সচল রাখা এবং শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি তাঁর শারীরিক খোঁজখবর নিতে আগত শিল্প মালিক প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।