
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্বি বিজয়ী হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। চূড়ান্ত ফলাফলে দেখা যায়, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তন্বি পেয়েছেন ১১ হাজার ৭৭৭ ভোট।
গত বছর ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার সময় ছাত্রলীগের হামলার শিকার হয়েছিলেন তন্বি। তার সম্মানার্থেই ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্রসংসদসহ ছয়টি প্যানেল ওই পদে কোনো প্রার্থী দেয়নি। প্রার্থীতা ঘোষণার পর সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তিনি।
এদিকে ডাকসুর ভিপি, জিএস ও এজিএস—এই তিনটি গুরুত্বপূর্ণ পদে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। সহসভাপতি (ভিপি) পদে ১৪ হাজার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা ৩ হাজার ৩৮৯ ভোট এবং শামীম হোসেন ৩ হাজার ৮৮৪ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক (জিএস) পদে ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবিরের এস এম ফরহাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর বারী হামীম পান ৫ হাজার ২৮৩ ভোট। প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু ৪ হাজার ৯৪৯ ভোট, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আবু বাকের মজুমদার ২ হাজার ১৩১ ভোট, আশিকুর ৫২৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আল সাদী ভূঁইয়া মাত্র ৪৬ ভোট পেয়েছেন।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ছাত্রশিবিরের মুহা. মহিউদ্দীন খান।