
নেপালে জেন-জিদের বিক্ষোভের জেরে কান্তিপুর টিভির সদর দপ্তরে হামলা
নেপালে জেন-জিদের সহিংস বিক্ষোভের মধ্যেই কান্তিপুর টিভির সদর দপ্তরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার কাঠমান্ডুতে বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠার পর টেলিভিশন ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। বুধবার (১০ সেপ্টেম্বর) এনডিটিভির প্রতিবেদনে এ খবর নিশ্চিত করা হয়েছে। এ সময় ভবন থেকে ব্যাপক ধোঁয়ার কুণ্ডলী উঠে আসে।
এর আগে কয়েক দিনের সহিংস বিক্ষোভের কারণে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেন। এরপর বিক্ষোভের চাপে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেলও পদত্যাগ করেন। পাশাপাশি কিছু মন্ত্রীর পদত্যাগের খবরও পাওয়া যায়।
মঙ্গলবার সকাল থেকেই জেন-জি সদস্যরা নতুন করে বিক্ষোভ শুরু করেন। এ সময় শীর্ষ নেতাদের বাসভবনে হামলা, ভাঙচুর এবং আগুন ধরানোর ঘটনা ঘটে। নেপালের ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কার্যালয়েও আগুন দেওয়া হয়।
এর আগে রাজস্ব ও সাইবার নিরাপত্তার উদ্বেগ দেখিয়ে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে নেপাল সরকার। এই সিদ্ধান্তের বিরুদ্ধে জেনারেশন জেডের সদস্যরা রাস্তায় বিক্ষোভে নামেন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর বিক্ষোভ আরও সহিংস আকার ধারণ করে। বিক্ষোভকারীরা দেশের দুর্নীতি দূরীকরণ ও শাসন ব্যবস্থায় আরও জবাবদিহিতার দাবি জানান।