
যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।
সেদিন তাকে আদালতে হাজির করে সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান সাত দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন আবেদন করলেও রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।
রবিবার রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। সেসময় গুলিতে আহত হয়ে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা জয়নাল আবেদীন যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।
ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। তালিকায় তৌহিদ আফ্রিদি ও মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর নামও রয়েছে। নাসির উদ্দিনকে গত ১৭ আগস্ট গ্রেপ্তার করা হয় এবং পরদিন আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।