
রোহিঙ্গা সংকটে মানবিক ভূমিকা রাখার জন্য বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দীর্ঘদিন আশ্রয় দিয়ে আসায় ওয়াশিংটনের পক্ষ থেকে বাংলাদেশকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে শরণার্থীদের সহায়তায় এগিয়ে আসা এশিয়ার অন্যান্য দেশগুলোকেও কৃতজ্ঞতা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
রবিবার (২৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, মিয়ানমারে সহিংসতা ও নিপীড়নের শিকার রোহিঙ্গা ও অন্যান্য জাতিগোষ্ঠীর পাশে রয়েছে আমেরিকা। পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র টমাস “টমি” পিগট বলেন, “আমরা বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞ, যারা বিপুল সংখ্যক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। একইভাবে আমরা এ অঞ্চলের অন্যান্য দেশগুলোর মানবিক উদ্যোগকেও সম্মান জানাই।”
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যেই সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগেও প্রায় চার লাখ রোহিঙ্গা এখানে অবস্থান করছিল। বর্তমানে কক্সবাজার ও আশপাশের শরণার্থী ক্যাম্পগুলোতে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা বসবাস করছে। প্রতিবছর এসব ক্যাম্পে গড়ে প্রায় ৩০ হাজার রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে।
মানবিক এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।