
গাজীপুরে ফেসবুক লাইভের পর সাংবাদিককে কুপিয়ে হত্যা
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মসজিদ মার্কেটের সামনে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতে তুহিন স্থানীয় একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় একদল সন্ত্রাসী হঠাৎ তাকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। হামলার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
তুহিনের সহকর্মীরা জানান, হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা আগে তিনি ফেসবুক লাইভে চান্দনা চৌরাস্তার ফুটপাত দখল ও চাঁদাবাজির অভিযোগ তুলে ধরেন। এরপর সন্ধ্যায় আরেকটি ভিডিও পোস্টে তিনি এলাকার রাস্তার অব্যবস্থাপনা নিয়েও মন্তব্য করেন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডটি অত্যন্ত গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। দায়ীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত বিচার ও দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছেন স্থানীয় সাংবাদিক ও নাগরিক সমাজ।