শরিয়তবিরোধী কোনো আইন প্রণয়ন হবে না: বিএনপির সালাহউদ্দিন আহমদ

image 6

বাংলাদেশে ইসলাম, কোরআন ও সুন্নাহবিরোধী কোনো আইন কখনো প্রণয়ন হবে না—এমন আশ্বাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের এক বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা মাদরাসা শিক্ষার বিস্তার চাই, তবে এই শিক্ষা ব্যবস্থাকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নিয়ন্ত্রণাধীন করতে চাই না।”

তিনি আরও জানান, “বিএনপি ইতিমধ্যে রাজনৈতিক, অরাজনৈতিক এবং ইসলামপন্থী সব পক্ষের সঙ্গেই সংলাপে অংশ নিয়েছে। আমরা হেফাজতে ইসলামের নায়েবের সঙ্গে দেখা করেছি, হাটহাজারী মাদরাসা সফর করেছি, ছারছিনা দরবার শরিফ এবং আলিয়া ধারার শীর্ষ নেতৃত্বের সঙ্গেও আলোচনা করেছি।”

তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটাই—বাংলাদেশের সব জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে, বিভক্তির রাজনীতি পরিহার করে একটি সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র পরিচালনার ভিত্তি গড়ে তোলা।”