জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ৬ মরদেহ দাফন দীর্ঘ এক বছর পর

image 5

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দীর্ঘদিন ধরে সংরক্ষিত থাকা কয়েকটি অজ্ঞাত মরদেহ অবশেষে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে মরদেহগুলো আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। এরপর দুপুরে রাজধানীর জুরাইন কবরস্থানে মরদেহগুলোর দাফন সম্পন্ন হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, আদালতের নির্দেশে আঞ্জুমান মফিদুল ইসলাম মরদেহগুলো দাফনের দায়িত্ব নেয়। তিনি বলেন, “এই মরদেহগুলো এক বছরেরও বেশি সময় ধরে হাসপাতালের হিমঘরে ছিল। শনাক্তকরণের জন্য বিভিন্ন সময় অনেকে দাবি নিয়ে এসেছিলেন, ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছিল। কিন্তু কারও সঙ্গেই মিল না পাওয়ায় পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।”

আঞ্জুমান মফিদুল ইসলামের দাফন সেবা বিভাগের কর্মকর্তা কামরুল আহমেদ বলেন, “বৃহস্পতিবার সকালেই আমরা মরদেহগুলো গ্রহণ করি এবং দুপুর ২টার দিকে জুরাইন কবরস্থানে দাফন করি।”

পুলিশ জানায়, মরদেহগুলো ২০২৪ সালের ৫ আগস্টের আগেই রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে দেখা গেছে, অধিকাংশের মৃত্যু হয়েছে শারীরিক আঘাতজনিত কারণে।