
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ইসলামের প্রকৃত উৎস হলো পবিত্র কুরআন ও রাসুল (সা.) এর সুন্নাহ, আর জামায়াতে ইসলামী সেই ইসলামেরই অনুসারী। তিনি জোর দিয়ে বলেন, “‘মওদূদীর ইসলাম’ নামে ইসলামের কোনো স্বতন্ত্র শাখা নেই।”
বুধবার (৬ আগস্ট) এক বিবৃতিতে তিনি দৈনিক ইনকিলাবে প্রকাশিত হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর বক্তব্যের প্রতিবাদ জানান। উক্ত সংবাদে জামায়াতে ইসলাম নিয়ে ‘ভণ্ড ইসলামি পার্টি, কাদিয়ানীর চেয়েও নিকৃষ্ট’—এমন মন্তব্যকে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদের সঙ্গে প্রত্যাখ্যান করেন।
এডভোকেট জুবায়ের বলেন, “মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর এই ধরনের অসত্য, মনগড়া ও অশোভন বক্তব্য দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক। যখন দেশের ইসলামি দলগুলোর মধ্যে ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন, তখন এমন মন্তব্য ইসলামি ঐক্য বিনষ্টের অপচেষ্টা ছাড়া কিছু নয়।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী মওদূদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চায়—এই মন্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। এতে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা হয়েছে, যা দায়িত্বশীলতার পরিপন্থি।”
অ্যাডভোকেট জুবায়ের জাতির প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “একজন প্রবীণ ও দায়িত্বশীল আলেম হিসেবে মুহিব্বুল্লাহ বাবুনগরীর কাছ থেকে জাতি কখনোই এমন বিদ্বেষমূলক বক্তব্য আশা করে না।”
বিবৃতির শেষে তিনি মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন ও উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার বিনীত আহ্বান জানান।