
দীর্ঘ প্রতীক্ষার পর দেশের সব ইবতেদায়ি মাদ্রাসায় পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা পুনরায় চালু হচ্ছে। আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ও সংযুক্ত ইবতেদায়ি শাখাসমূহের শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ ৪০ শতাংশ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।
বুধবার (৬ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত এক স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, ২০২৫ সালের ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
পরীক্ষা নেওয়া হবে পাঁচটি বিষয়ের ওপর:
কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহ
আরবি (প্রথম ও দ্বিতীয় পত্র)
বাংলা
ইংরেজি
গণিত ও বিজ্ঞান
এর মধ্যে কিছু বিষয় সম্মিলিতভাবে অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ের জন্য বরাদ্দ থাকবে ১০০ নম্বর, মোট নম্বর ৫০০।
বোর্ড জানায়, শিগগিরই পরীক্ষার বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন প্রকাশ করা হবে।
এর আগে, গত ১৭ জুলাই সরকার ঘোষণা দেয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে। সম্ভাব্য তারিখ ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে।
প্রসঙ্গত, ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) চালুর পর থেকে ইবতেদায়ি ও প্রাথমিক বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল। দীর্ঘ ১৬ বছর পর পুনরায় চালু হওয়া এ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মাসিক বৃত্তির পাশাপাশি মাধ্যমিকে ভর্তি প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবে।