জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার কার্যালয়ের

image 2

আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
বুধবার (৬ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনারের বরাবর প্রেরিত এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়।

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইসিকে অবিলম্বে প্রস্তুতি শুরু করতে হবে।

এর আগে ৫ আগস্ট, “জুলাই গণঅভ্যুত্থান দিবসে” জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন, রোজা শুরুর আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকের চিঠি সেই ঘোষণারই আনুষ্ঠানিক রূপ।

চিঠিতে প্রধান উপদেষ্টার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, “বিগত ১৫ বছরে ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণ যেন এবার মহা-আনন্দের ভোট উৎসবে অংশ নিতে পারে, সে লক্ষ্যে নির্বাচনকে অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও প্রযুক্তিনির্ভর স্বচ্ছ করতে হবে।”

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সরকার নির্বাচন আয়োজনের সব পর্যায়ে সর্বাত্মক সহযোগিতা করবে এবং নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে দ্রুত কার্যক্রম গ্রহণ করতে হবে।