রিয়াদ নামে কোনো ছাত্র প্রতিনিধি নেই: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

269fd9ce 959a 403a b5f8 2332c3d23dd8

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) নামে কোনো ছাত্র প্রতিনিধি কিংবা অন্য কোনো ধরনের প্রতিনিধির কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়।

রোববার (২৭ জুলাই) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসানের সই করা এক প্রতিবাদলিপিতে এই তথ্য জানানো হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, ‘আজ ২৭ জুলাই বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে “চাঁদাবাজি করতে গিয়ে আটক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে। উল্লেখিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, “আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) নামে কেউ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি নন। মন্ত্রণালয়ের সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতাও নেই।”

এতে আরও উল্লেখ করা হয়, মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে কেউ যদি কোনো অপরাধমূলক বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে তার দায়ভার সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট ব্যক্তিকে বহন করতে হবে। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো দায় নেই।

গণমাধ্যমকে সতর্ক করে প্রতিবাদলিপিতে বলা হয়, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। তবে একইসঙ্গে প্রত্যাশা করে, গণমাধ্যম যেন আরও দায়িত্বশীল আচরণ করে। ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের আগে যাচাই-বাছাই করে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজন।