
বিনোদন জগতের ইতিহাসে নতুন মাত্রা যোগ করতে সৌদি আরব আয়োজন করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কমেডি উৎসব— ‘রিয়াদ কমেডি ফেস্টিভ্যাল’। গালফ নিউজের খবরে জানানো হয়, এই প্রথমবারের মতো রাজধানী রিয়াদে বসবে এই ব্যতিক্রমধর্মী আসর, যা চলবে ২৬ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত।
এই মেগা ইভেন্টের ঘোষণা দিয়েছেন সৌদি আরবের সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান তুর্কি আলাল শেখ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, বিশ্বজুড়ে জনপ্রিয় সব স্ট্যান্ডআপ কমেডিয়ান এই উৎসবে অংশ নেবেন।
প্রথমবারের মতো আয়োজিত এই উৎসবকে ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। আলাল শেখ জানান, “কমেডির রাজা” খ্যাত কেভিন হার্ট ইতোমধ্যেই উৎসবে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, তাকে ঘিরে একটি আন্তর্জাতিক প্রমোশনাল ভিডিও প্রকাশ করা হয়েছে, যা এই উৎসবের বিশালতা এবং গ্লোবাল আকর্ষণ ফুটিয়ে তোলে।
উৎসবটি আয়োজন করা হবে রিয়াদের বুলেভার্ড সিটি এলাকায়, যা সৌদির মিডিয়া ও বিনোদনের কেন্দ্র হিসেবে পরিচিত। সেখানে একসঙ্গে জড়ো হবেন বিশ্বের ৫০ জনেরও বেশি শীর্ষস্থানীয় কমেডিয়ান।
এছাড়াও আয়োজক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, কেভিন হার্ট ছাড়াও উৎসবে উপস্থিত থাকবেন জনপ্রিয় কমেডিয়ান সেবাস্টিয়ান ম্যানিসকালকো এবং রাসেল পিটার্স।
প্রসঙ্গত, রাসেল পিটার্স হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান কমেডিয়ান, যিনি তার বৈচিত্র্যময় সংস্কৃতি ও জাতিগত ব্যঙ্গাত্মক কনটেন্টের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়।
এই উৎসব শুধু সৌদি আরব নয়, বিশ্বব্যাপী কমেডি প্রেমীদের জন্য এক বিরল অভিজ্ঞতা হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজকরা।
সূত্র: গালফ নিউজ