৫ আগস্ট শেখ হাসিনার পতন না হলে রাজপথ ছাড়তাম না

amir1

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গত ৫ আগস্ট যদি শেখ হাসিনার পতন না হতো, তাহলে আমরা রাজপথ ছাড়তাম না। আমরা রাজপথে থাকতাম যতক্ষণ না তিনি পদত্যাগ করতেন।” তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো দলের একার নয়।”

রোববার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভাসানী জনশক্তি পার্টির আয়োজনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শিরোনাম ছিল—‘উত্তাল জুলাইয়ে ফ্যাসিবাদ পতন আন্দোলনে পুলিশের গুলিতে আহত ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুসহ রাজনীতিবিদ, ছাত্র-জনতার অবদান এবং আগামীর বাংলাদেশ’।

আমীর খসরু বলেন, “বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের সময় জেগে উঠেছিল, ’৯০-এর গণঅভ্যুত্থানে জেগে উঠেছিল, আর ২০২৪-এও মানুষ জেগে উঠেছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য যেভাবে রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করেছেন, তা নজিরবিহীন। কিন্তু জনগণের শক্তির কাছে শেষ পর্যন্ত তাকেও মাথা নত করতে হয়েছে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে মানুষ রাস্তায় নেমেছিল। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করেছেন। তাকে মিথ্যা মামলায় কারাভোগ করতে হয়েছে।”

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে পতিত ফ্যাসিবাদ আর কখনও দেশে ফিরে আসতে না পারে। বর্তমানে দেশে বিনিয়োগ নেই, পুলিশ সঠিকভাবে কাজ করতে পারছে না, কারণ চারদিকে ভয় ও দমন-পীড়নের পরিবেশ। এই ভয় কাটাতে হলে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।”

সভায় সভাপতিত্ব করেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু এবং সঞ্চালনা করেন মহাসচিব আবু ইউসুফ সেলিম।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য মনির উদ্দিন পাপ্পু, ভাসানী জনশক্তি পার্টির মুখপাত্র মো. আবদুল কাদের, পারভীন নাসের ভাসানী, আমিনুল ইসলাম সেলিম, অ্যাডভোকেট মাহমুদ আলী, জান্নাতুল ফেরদৌস, হারুন অর রশিদ প্রমুখ।