
বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, চলমান সংঘাত দ্রুত বন্ধ না হলে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।
শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগরে একটি কর্মসূচিতে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকার ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিশ্বজুড়ে চলমান অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক অঙ্গনেই নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও বড় প্রভাব ফেলতে পারে। সংঘাত অব্যাহত থাকলে দেশের পরিস্থিতি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার নিতে পারে বলেও সতর্ক করেন তিনি।
এ সময় সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় জনগণকে মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান হুইপ। পাশাপাশি ধৈর্য ও সচেতনতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দেন তিনি।