
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য ও ১৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জবাবে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৯২ সন্ত্রাসী মারা গেছে বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা, ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ৩১ জানুয়ারি ভারতের সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী ‘ফিতনা আল-হিন্দুস্তান’ কোয়েটা, মাসতুং, নুশকি, দলবন্দিন, খারান, পানজগুর, তুম্প, গ্বাদর ও পাসনি এলাকায় একযোগে একাধিক হামলা চালায়। সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ১৮ জন নিরীহ বেসামরিক নাগরিককে হত্যা করে। গোয়াদার ও খারানে হামলার মূল উদ্দেশ্য ছিল বেলুচিস্তানের স্বাভাবিক জীবনযাত্রা ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত করা।
হামলার পর নিরাপত্তা বাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো ব্যাপক ক্লিয়ারেন্স অভিযান চালায়। এই অভিযানে তিনজন আত্মঘাতী হামলাকারীসহ ৯২ ভারত-সমর্থিত সন্ত্রাসী নিহত হয়। আইএসপিআর জানায়, নিরাপত্তা বাহিনী অসাধারণ সাহসিকতা ও পেশাদার দক্ষতা প্রদর্শন করে সন্ত্রাসীদের নাশকতার প্রচেষ্টা ব্যর্থ করেছে।
বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে এবং বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর অর্ধশতাধিক সদস্য নিহতের দাবি করেছে। সশস্ত্র হামলার ঘটনায় কয়েকটি জেলার সরকারি হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
এদিকে রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিরাপত্তা বাহিনীর ভূমিকা প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
তথ্যসূত্র: জিও নিউজ