৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হবে

image 247

সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে পাসপোর্ট দেওয়া হলেও তারা বাংলাদেশের নাগরিক হিসেবে গণ্য হবেন না—এ বিষয়টি স্পষ্ট করেন তিনি।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতে বাংলাদেশের ত্রুটির কারণে বহু রোহিঙ্গা হাতে লেখা পাসপোর্ট নিয়ে সৌদি আরবে গেছেন। সে সময় এতে ব্যাপক দুর্নীতির অভিযোগও ছিল। বর্তমানে সৌদি কর্তৃপক্ষ ওই পাসপোর্টধারীদের পাসপোর্ট নবায়নের জন্য বাংলাদেশের ওপর চাপ দিচ্ছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন জাতীয় স্বার্থ জড়িত থাকে। আমরা শুরুতে এই সিদ্ধান্ত এড়ানোর চেষ্টা করেছি। কিন্তু অন্যান্য গুরুত্বপূর্ণ স্বার্থ বিবেচনায় শেষ পর্যন্ত ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে পাসপোর্ট দেওয়া মানেই নাগরিকত্ব দেওয়া—এমন নয়।

তিনি আরও বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে অন্য দেশের নাগরিকদেরও পাসপোর্ট দেওয়ার নজির রয়েছে। আমাদের মূল অবস্থান হলো—রোহিঙ্গারা মায়ানমার থেকে আসা জনগোষ্ঠী। বর্তমানে বাংলাদেশে অবস্থানরত প্রায় ১৩ লাখ রোহিঙ্গার পূর্বপুরুষরা শত শত বছর ধরে মায়ানমারের আরাকান অঞ্চলে বসবাস করতেন। তাই তাদের ফেরত নেওয়ার দায়িত্ব মায়ানমারেরই।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, আন্তর্জাতিক সম্প্রদায়ও স্বীকার করে যে রোহিঙ্গারা মায়ানমারের আরাকানের অধিবাসী একটি স্বতন্ত্র জনগোষ্ঠী। এই বাস্তবতা মাথায় রেখেই বিষয়টি মোকাবিলা করতে হবে। ছোটখাটো কারিগরি জটিলতায় প্রক্রিয়া থেমে থাকবে না। উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলে তাদের প্রত্যাবাসনের জন্য আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।