
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা–রাজশাহী মহাসড়কের সলঙ্গা থানার চড়িয় এলাকার ১ নম্বর সেতুর পাশে এবং বগুড়া–নগরবাড়ী মহাসড়কের কাওয়াক এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন— শাহজাদপুর উপজেলার চরনবীপুর গ্রামের মৃত আবু বক্কার সিদ্দিকীর ছেলে নুরুন্নবী (৬০), সিরাজগঞ্জ সদর উপজেলার বহুতী গ্রামের মৃত আকবরের ছেলে আব্দুল হান্নান (৩২), তার দুই শিশু কন্যা হামজা (৭) ও হাফছা (৪)। আহত হয়েছেন আব্দুল হান্নানের স্ত্রী মোছাঃ বৃষ্টি (২২)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে আব্দুল হান্নান স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে ১ নম্বর সেতু এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে এক শিশু ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় হান্নান, তার স্ত্রী ও আরেক সন্তানকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় হান্নান ও মেয়েটিও মারা যায়।
একই সময়ে উল্লাপাড়ার কাওয়াক মোড়ে মহাসড়ক পার হওয়ার সময় বাঘাবাড়ী থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে নুরুন্নবী (৬০) ঘটনাস্থলেই নিহত হন।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।