সাভারে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪, একজন জাবি শিক্ষার্থী

image 227

সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় একটি বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ মোট চারজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে পারিবারিক বিরোধের জেরে এ অগ্নিকাণ্ড ঘটে। অভিযোগ রয়েছে, বাড়ির মালিকের এক ছেলে আগুন লাগান। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম দগ্ধ হন।

দগ্ধ অপর তিনজন হলেন—বাড়ির মালিক আব্দুর রহমানের দুই ছেলে মো. রায়হান ও মো. রাহাত এবং স্থানীয় ভাড়াটিয়া মো. হাসিনুর।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রায়হান ও রাহাতের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার রাতে বিবাদের একপর্যায়ে রায়হান দোতলার একটি কক্ষে পেট্রল ঢেলে দেন। পরিস্থিতি শান্ত করতে রায়হানের পরিচিত জাবি শিক্ষার্থী সাইফুল ইসলাম এবং প্রতিবেশী হাসিনুর ওই কক্ষে প্রবেশ করেন।

এ সময় কথা কাটাকাটির মধ্যে রায়হান গ্যাস লাইটার জ্বালালে মুহূর্তেই কক্ষে আগুন ছড়িয়ে পড়ে এবং চারজনই দগ্ধ হন।

বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক অমিতাভ দাস জানান, দগ্ধদের মধ্যে সাইফুল ইসলামের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তার শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতদের প্রথমে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আহমেদুল কবীর বলেন, প্রাথমিকভাবে সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।