
শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি প্রধান উপদেষ্টার চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
শম্পা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই বিষয়টি জানিয়েছেন। তার পোস্টে উল্লেখ করা হয়েছে, ড. মুহাম্মদ ইউনূস স্যার তাঁকে এবং হাদির সন্তান ফিরনাসকে ১২টার সময় তার বাসভবনে সাক্ষাৎ করার জন্য ডেকেছিলেন। তবে যাত্রাপথে তিনি ইনকিলাবের সহকর্মীদের উপর হওয়া নির্যাতনের ঘটনা প্রত্যক্ষ করেন, যা বোঝায়, সরকারের কিছু অংশ এখনও হাসিনার দোসর হিসেবে কাজ করছে।
সাক্ষাৎকালে শম্পা বুঝতে পারেন, মূলত ফিরনাসের দেখাশোনার প্রতিশ্রুতির জন্য প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তরের উদ্দেশ্যে ড. ইউনূস তাঁকে ডেকেছিলেন। তিনি প্রধান উপদেষ্টাকে স্পষ্ট করে বলেন, স্বামীর বিচারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা না হলে ফিরনাস কোনো কিছুই গ্রহণ করবে না। ড. ইউনূস আশ্বাস দেন যে, হাদির সঠিক বিচার নিশ্চিত করার জন্য সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং জাতিসংঘের তত্ত্বাবধানে বিষয়টি শেষ পর্যন্ত পৌঁছাবে। এছাড়া, তিনি হাদির ভাইবোনদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
চাকরির প্রস্তাব নিয়ে শম্পা লিখেছেন, নিজের জীবন ও যোগ্যতার ভিত্তিতে তিনি চাকরি নেবেন এবং ফিরনাসের জন্য যেটা করা হয়েছে, তার জন্য তিনি কৃতজ্ঞ। ড. ইউনূস আবারও নিশ্চিত করেছেন যে, আন্তর্জাতিকভাবে হত্যাকাণ্ডের তদন্তে সর্বোচ্চ সহায়তা প্রদান করবেন। আশ্বাসটি পাওয়ার পর শম্পা সেখান থেকে চলে আসেন।