নিজের বাবাকেও ছাড় নয়, দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু ঘর থেকেই

37a3f49d 4499 427d aa98 6bef05a106c9 1


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “নিজের বাবাও যদি দুর্নীতি করে তাকেও ছাড় দেওয়া যাবে না।” তিনি বলেন, “বাবাকে প্রশ্ন করতে হবে—৩০ হাজার টাকার বেতন পেয়ে কীভাবে ৪০ হাজার টাকার ভাড়াবাসায় থাকেন?”

শনিবার (২৬ জুলাই) রাত ৯টায় কিশোরগঞ্জে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। এই সমাবেশটি ছিল “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচির অংশ।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “নিজের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করতে হবে। আমাদের এনসিপির কর্মীরা অন্যান্য দলের কর্মীদের চেয়ে আলাদা হতে হবে। আপনারা দুর্নীতি করবেন না, আর কেউ করলে সেটারও প্রতিবাদ করতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলে দুর্নীতিবাজরা পালানোর জায়গা পাবে না। যারা মামলা বাণিজ্য ও চাঁদাবাজিতে লিপ্ত, তাদের দিন শেষ হয়ে আসছে।”

জনগণের উদ্দেশ্যে হাসনাত বলেন, “আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—প্রয়োজনে এনসিপির নেতাকর্মীদের জন্য জীবন দিতেও প্রস্তুত। আমাদের ঘাম, রক্ত, জীবন দিয়ে আমরা নেতা হয়েছি।”

তিনি ঘোষণা দেন, “আগামী এক বছরের মধ্যে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হবে। এলাকার সুনাগরিক ও গুণীজনদের এনসিপিতে যুক্ত করতে হবে, প্রয়োজনে হাতে-পায়ে ধরেও।”

দল গঠনের নীতিগত অবস্থান তুলে ধরে তিনি বলেন, “১০০ পয়সাওয়ালা চাঁদাবাজের চেয়ে একজন শিক্ষিত ভালো মানুষকে নিয়ে দল করব। আমাদের লাখ লাখ দুর্নীতিবাজ কর্মীর দরকার নেই—১০ জন ভালো মানুষ থাকলেই রাজপথে লড়াই চলবে।”

এর আগে রাত ৮টায় শহরের পুরাতন স্টেডিয়াম থেকে পদযাত্রা শুরু করে পুরান থানা এলাকায় সমাবেশস্থলে এসে শেষ হয়। এনসিপির কর্মসূচিকে ঘিরে পুরো শহরজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। সমাবেশস্থলের আশপাশে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়, আর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দেন।