আফগান সীমান্তে পাকিস্তানি সেনাদের অভিযানে ৩৩ সন্ত্রাসী নিহত

IMG 0979 1

পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, আফগানিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ৩৩ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) এক বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের ঝোব জেলায় রাতের অভিযানে এই সন্ত্রাসীদের টার্গেট করে ‘নির্ভুল’ গোলাবর্ষণ চালানো হয়।

সেনাবাহিনীর ভাষ্যমতে, নিহতরা পাকিস্তান তালেবান যোদ্ধা বা ‘খাওয়ারিজ’ এবং ভারতের সহায়তায় পরিচালিত বিচ্ছিন্নতাবাদী। অভিযানে তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তবে ভারতের সম্পৃক্ততার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ অভিযানে নিরাপত্তা বাহিনীর সাফল্যের প্রশংসা করেন এবং সেনাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমাদের বীর সেনারা জীবন বাজি রেখে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে এবং সন্ত্রাসীদের ষড়যন্ত্র ভণ্ডুল করেছে।”

খনিজসম্পদসমৃদ্ধ বেলুচিস্তানে সাম্প্রতিক মাসগুলোতে বিচ্ছিন্নতাবাদী হামলা বেড়েছে, বিশেষ করে সেনাবাহিনীর বিরুদ্ধে। এর জবাবে পাকিস্তান সেনারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালাচ্ছে।

পাকিস্তান প্রায়ই আফগান তালেবান সরকারের ওপর সীমান্ত এলাকায় সক্রিয় সন্ত্রাসীদের প্রতি উদাসীন থাকার অভিযোগ তোলে, যদিও কাবুল এসব অভিযোগ অস্বীকার করে।

পাকিস্তান ও ভারতের মধ্যে দীর্ঘদিনের সংঘাত ও পারস্পরিক সশস্ত্র গোষ্ঠীকে সমর্থনের অভিযোগ রয়েছে। এপ্রিলে ভারতশাসিত কাশ্মীরের পাহালগামে হামলায় ২৬ জন বেসামরিক নিহত হওয়ার পর নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের মধ্যে গোলাগুলি অব্যাহত রয়েছে।

সুত্র: আল জাজিরা