দেশের আট বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণ

bb2374fe f179 4213 8892 dc9e7740a6c5 1 edited

আজ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি উত্তর ছত্তিশগড় ও তৎসংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে।

প্রতিবেদন অনুযায়ী, নিম্নচাপটি আরও পশ্চিম দিকে সরে গিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে।

এদিকে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বৃষ্টি ও আবহাওয়ার এ পরিস্থিতিতে জনগণকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।