
আট বছর আগের চড়-থাপ্পড়ের প্রতিশোধ নেওয়ার ঘটনায় নাটোরের সিংড়া উপজেলার ছাতারদীঘি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে। সিদ্ধান্তটি কার্যকর করেছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না এবং নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার সকালে সিংড়া উপজেলার কালিগঞ্জ বাজারে ছাতারদীঘি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দকে আট বছর আগের চড়-থাপ্পড়ের প্রতিশোধ হিসেবে মারধর করেন শামীম হোসেন, যা এলাকায় আলোচনার সৃষ্টি করে।
বহিষ্কারের পর ফেসবুকে শামীম হোসেন লেখেন, রাজনীতিতে শেষ বলে কিছু নেই; চড়াই-উতরাই পেরিয়েই নেতৃত্বে আসতে হয়।